মমিনুর ইসলাম মিলন (টাংগাইল)
ঘাটাইলে শিক্ষিকাকে মারধরের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ডাঃ শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের এক নারী শিক্ষিকাকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী বিদ্যালয়ের এক কর্মচারীর ছেলে বলে জানা গেছে। ঘটনার পর নিরাপত্তাহীনতা ও মানসিক আঘাতের কারণে ভুক্তভোগী শিক্ষিকা বিদ্যালয় ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুনঃ দেবীগঞ্জে পিআইওকে ঘিরে অভিযোগ: স্বচ্ছ তদন্তের দাবি
বিদ্যালয় সূত্রে জানা যায়, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে একটি বিষয়কে কেন্দ্র করে ওই শিক্ষিকার সঙ্গে শিক্ষার্থীর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত শিক্ষার্থী শিক্ষিকার ওপর শারীরিক আক্রমণ চালায়। অভিযোগ রয়েছে, সে শিক্ষিকাকে চড় ও ঘুষি মারে। এমন ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবাই বিস্মিত ও হতবাক হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। সবার সামনে একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলার ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। শিক্ষকের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
