মোঃ খাইরুল ইসলাম (গাজিপুর):
গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে গাজীপুর-১ আসনের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-১ আসনের বিএনপির নেতা ও সাবেক মেয়র মো. মজিবুর রহমান। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: আশুগঞ্জে ১২ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, দেওয়ান জসিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা। তারা দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
