আরিফুল ইসলাম (গাইবান্ধা):
গোবিন্দগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুই ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাজার রোড এলাকায় উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় দুটি মামলা দায়ের করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখার অপরাধে বৃষ্টি ফার্মেসি ও ঐশ্বর্য ফার্মেসিকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আরও পড়ুন: আনোয়ারায় মা-মেয়ে হত্যা: ১০ দিনেই আদালতে অভিযোগপত্র
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইরাম খান। এ সময় উপজেলা প্রশাসন, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সব ফার্মেসি মালিককে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ওষুধের মেয়াদ সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
