মোঃ হোসেন (সীতাকুন্ড, চট্টগ্রাম):
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মহিউদ্দিন (৪০) উপজেলার ভাটিয়ারী এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি এবং স্থানীয় একজন কেবল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনায় জড়িত যানবাহন জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
