মোঃ হোসেন (সীতাকুন্ড, চট্টগ্রাম):
সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রাজাপুর এলাকায় নিজ বাসা থেকে মিফতাহুল জান্নাতুল (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক নূরনবী জনির স্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দীর্ঘদিনেও সন্তান না হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই পারিবারিক কলহ সৃষ্টি হতো বলে প্রতিবেশীদের দাবি। ঘটনার দিনও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে স্বামী কর্মস্থলে চলে গেলে দীর্ঘ সময় জান্নাতুলের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা তার কক্ষের ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সন্তান জন্মের আগেই পুরুষের শরীরে বদলে যায় হরমোন ও মস্তিষ্ক
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। অন্যদিকে, নিহতের বাবা-মা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
