আব্দুস সালাম (জকিগঞ্জ):
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের শরীফগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এলাকায় মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিক শিক্ষা শেষ করা শিক্ষার্থীদের দূরের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের ভাষ্য, শরীফগঞ্জ বাজার সংলগ্ন শাহ শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে আশপাশের কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা সহজেই মাধ্যমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
দূরের বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের
স্থানীয় সূত্রে জানা গেছে, পিল্যাকান্দী, আমলসিদ, বাগপাড়া, দৌলতপুর, হাসিতলাসহ আশপাশের কয়েকটি গ্রামের বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়ার পর গণিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হয়।
প্রতিদিন প্রায় এক কিলোমিটার বা তারও বেশি পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয় অনেক শিক্ষার্থীকে। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি যাতায়াতে দুর্ভোগ ও নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হচ্ছে। স্থানীয়দের মতে, এসব কারণে অনেক শিক্ষার্থীর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ব্যাহত হচ্ছে এবং কেউ কেউ মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেওয়ার ঝুঁকিতে পড়ছে।
শিক্ষার সুযোগ বাড়াতে নতুন বিদ্যালয়ের দাবি
এলাকাবাসীর দাবি, বারঠাকুরী ইউনিয়নের অন্য অংশে মাধ্যমিক বিদ্যালয় থাকলেও শরীফগঞ্জ বাজারকেন্দ্রিক বিস্তীর্ণ এলাকায় এখনো এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ফলে প্রতিবছর শত শত শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার জন্য দূরের বিদ্যালয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
তাদের মতে, শাহ শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে শুধু শরীফগঞ্জ নয়, আশপাশের কয়েকটি গ্রামের শিক্ষার্থীরাও উপকৃত হবে। এতে বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়বে, ঝরে পড়ার প্রবণতা কমবে এবং এলাকার শিক্ষার সামগ্রিক মান উন্নত হবে।
দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান
স্থানীয় বাসিন্দারা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাদের বিশ্বাস, শরীফগঞ্জ এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে দীর্ঘদিনের শিক্ষাবঞ্চনার অবসান ঘটবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুনঃ ‘সম্প্রীতির জুলাই’ শীর্ষক আলোচনা সভা শনিবার
এনআইডি সেবায় বড় পরিবর্তন আনছে ইসি, মাঠেই হবে জন্মতারিখ সংশোধন
