ডেক্স রিপোর্টঃ
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্প্রীতির জুলাই আলোচনা সভা। ‘জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান’ শীর্ষক এ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা অংশ নেবেন।
বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচনা সভাটি বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এমপি। সভায় সভাপতিত্ব করবেন এনসিপির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।
বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা থাকবেন
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও আর্চবিশপ হাউসের পরিচালক ফাদার এলবার্ট টমাস রোজারিও, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হৃদয় তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ এবং সাংবাদিক ও জুলাই আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।
সম্প্রীতি ও গণঅভ্যুত্থানের নানা দিক উঠে আসবে
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ভূমিকা, জাতীয় সম্প্রীতি এবং বিভিন্ন সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। একই সঙ্গে গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা, সামাজিক সংহতি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার বিষয়েও মতবিনিময় হবে।
আরও পড়ুনঃ এনআইডি সেবায় বড় পরিবর্তন আনছে ইসি, মাঠেই হবে জন্মতারিখ সংশোধন
