সামজেদ জসি (ব্রাক্ষ্মনবাড়ীয়া):
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। আজ সোমবার (২২ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর মডেল থানাধীন ভাদুঘর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন — আখাউড়া থানার দুর্গাপুর এলাকার আবদুল হাসিমের ছেলে রায়হান মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার চান্দি মধ্যপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে কাজল মিয়া।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ভোরে ভাদুঘর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হলে আরোহী রায়হান ও কাজলের দেহ এবং সঙ্গের ব্যাগে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। উদ্ধার করা মাদক ও আলামত বিধি অনুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রায়হান ও কাজল উভয়ই দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসায় জড়িত। এর আগে দুজনের বিরুদ্ধেই দুটি করে মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে এই ব্যবসা চালিয়ে আসছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলাকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
