মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। শনিবার (১০ অক্টোবর) মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে শিক্ষকদের সঙ্গে তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ও মনিটরিং ব্যবস্থা সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি বলেন, তথ্যপ্রযুক্তির জ্ঞান, চর্চা ও প্রয়োগের মাধ্যমে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে হবে। প্রথাগত শিক্ষা ব্যবস্থা ও পাঠদানের পদ্ধতিতে আমূল পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্মের পাশাপাশি দেশও পিছিয়ে পড়বে। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার জরুরি
নুরুল আমিন বলেন, শিক্ষাক্রম এখন গতিশীল। এ ক্ষেত্রে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার বিকল্প নেই। সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বিদ্যালয় পরিচালনায় নতুনত্ব আনতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তা না হলে শিক্ষার্থীরা একঘেয়ে শিক্ষাক্রমে আগ্রহ হারাতে পারে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থার প্রয়োগ জরুরি, যা তথ্যপ্রযুক্তির মাধ্যমে আরও কার্যকর করা সম্ভব।
তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় ভদ্র, শিক্ষিত ও গ্রহণযোগ্য ব্যক্তিরা বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির দায়িত্বে এসেছেন। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তথ্যপ্রযুক্তির আওতায় আনা গেলে ব্যবস্থাপনা ও পাঠদান আরও সহজ হবে।
উপজেলা জুড়ে মনিটরিংয়ের সুবিধা
সংসদ সদস্য তার বক্তব্যে আরও বলেন, প্রযুক্তি ভিত্তিক মনিটরিং ব্যবস্থা চালু হলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা এক জায়গা থেকেই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। এতে সংশ্লিষ্টরা হালনাগাদ তথ্য পাবেন এবং সময়, শ্রম ও অর্থের অপচয় কমবে।
মিরসরাইয়ের অনেক এলাকা এখনো অনগ্রসর উল্লেখ করে তিনি বলেন, অনেক অভিভাবক তাঁদের সন্তানদের পড়াশোনার বিষয়ে যথেষ্ট সচেতন নন। তাই প্রযুক্তি ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর পাশাপাশি অভিভাবকদের সচেতন করাও জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত জনবল নিয়োগ ও আইটি হাব প্রতিষ্ঠার বিষয়েও সরকারের প্রচেষ্টা রয়েছে। শিক্ষকদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এডুএক্স প্ল্যাটফর্মে ১৪টি সেবার উপস্থাপনা
প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েক্সনিক্সের আয়োজনে সভার প্রথম পর্বে শিক্ষকদের উদ্দেশে স্লাইড উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী শাহাদাত হোসেন। তিনি তাঁদের তৈরি ‘এডুএক্স’ প্ল্যাটফর্মের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।
উপস্থাপনায় বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, শিক্ষক-কর্মচারীদের তালিকা ও রেকর্ড সংরক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণির রুটিন, পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনা এবং ফি ও বকেয়ার হিসাব সহ মোট ১৪টি সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ওয়েক্সনিক্সের শিক্ষা বিষয়ক উপদেষ্টা লায়ন আবুল খায়ের। আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. সাইফুর রহমান সাইফুল ও মো. মোফাজ্জেল হোসেন রাজিব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন এবং আবু তোরাব ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ নেছারুল করিম।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শরফু উদ্দিন, আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার এবং সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক সিরাজী।
এ সময় মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, বারইয়ারহাট পৌর বিএনপির সভাপতি মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মাদরাসার অধ্যক্ষ, এডহক কমিটির সভাপতি ও আইসিটি শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ নীলফামারীতে ৮৪৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে তৎপর পুলিশ
শীতে শিশুর ত্বকের যত্নে তেল, সাবান ও ক্রিম কেনার আগে যা দেখবেন