মোঃ আনোয়ার হোসেন (মিরসরাই উপজেলা প্রতিনিধি):
চট্টগ্রামের মিরসরাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার ঠাকুরদীঘি থেকে ছত্তর ভূঁইয়ারহাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দুই পাশে মোট ২ হাজার ৩০০টি তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা ও সমাজসেবক মো. ওমর শরীফ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কাটাছরা ইউনিয়নের ছত্তর ভূঁইয়ারহাট এলাকায় কয়েকটি তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলীউল কবির ইকবাল, জোহরা এগ্রো ফার্মস অ্যান্ড নার্সারির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর শরীফ, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শহীদ আহম্মেদ, নাছির উদ্দিন বলী, সোহরাব উদ্দিন, আব্দুর রহিম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, জামায়াত নেতা মো. মুসলিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইনুল কবির রিপন, আইনুল হোসেন, ওলামা দলের সদস্য হাফিজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বজ্রপাতের ক্ষতি কমানোর প্রত্যাশা
উদ্যোক্তা মো. ওমর শরীফ বলেন, প্রতিবছরের মতো এবারও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, তালগাছগুলো বড় হয়ে উঠলে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতি কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।
তালগাছ সংরক্ষণেও গুরুত্বারোপ
মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, দেশে তাল ও খেজুরগাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অথচ তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করাও সমান জরুরি। ওমর শরীফের এই উদ্যোগ অন্যদেরও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঐক্যের আহ্বান
