ডেক্স রিপোর্ট:
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক একটি তথ্যচিত্রকে ঘিরে সৃষ্ট বিতর্কের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে তথ্যচিত্রটি নিয়ে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পরিমার্জনের পর দ্রুত প্রকাশের আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
অভিযোগ পর্যালোচনার পর সংশোধনের ঘোষণা
বিবৃতিতে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উপস্থাপনে ত্রুটি থাকার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
মন্ত্রণালয় জানায়, তথ্যচিত্রটি নিয়ে উত্থাপিত অভিযোগ পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরিমার্জন শেষে দ্রুততম সময়ে এটি প্রকাশ করা হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্ভুল, অন্তর্ভুক্তিমূলক ও তথ্যভিত্তিকভাবে সংরক্ষণের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।
নাগরিকের অভিযোগ জানানোর অধিকার আছে, তবে হতে হবে নিয়মতান্ত্রিক
বিবৃতিতে বলা হয়েছে, তথ্যচিত্র বা অন্য যেকোনো বিষয়ে অভিযোগ জানানোর অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। তবে সেই অভিযোগ প্রকাশের ক্ষেত্রে পরিশীলিত ও নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।
মন্ত্রণালয়ের ভাষ্য, সংশ্লিষ্ট অনুষ্ঠানে রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিক, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গোলযোগের সৃষ্টি হওয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এছাড়া ওই পরিস্থিতির কারনে অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাইযোদ্ধারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
অপতথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরও দাবি করেছে, ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রধানমন্ত্রীকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা রাষ্ট্রের মর্যাদা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।
বিবৃতিতে এ ধরনের বিভ্রান্তিমূলক ও সম্মানহানিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা সম্পর্কে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: মিরসরাইয়ে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ-স্বর্ণ লুটের অভিযোগ
