ডেক্স রিপোর্টঃ
ঋণের কিস্তি বকেয়া থাকলেও গ্রাহককে ইচ্ছেমতো ফোন করা, ভয়ভীতি দেখানো বা সামাজিকভাবে হেয় করার সুযোগ আর থাকছে না ভারতে। ঋণ আদায়ে গ্রাহকদের অধিকার সুরক্ষায় নতুন আচরণবিধি জারি করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। নতুন এই নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, ব্যাংক ও তাদের নিয়োজিত ঋণ আদায়কারী এজেন্টরা শুধুমাত্র সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঋণগ্রহীতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে গ্রাহকের সম্মতি থাকলে তার সুবিধাজনক সময়ে যোগাযোগ করা যাবে।
আরবিআই আরও জানিয়েছে, শোকের পরিবেশ, চিকিৎসাজনিত জরুরি অবস্থা কিংবা বিয়ের অনুষ্ঠানের মতো সংবেদনশীল সময়ে কোনোভাবেই ঋণ আদায়ের জন্য ফোন করা যাবে না।
ঋণ আদায়ের নামে হুমকি দেওয়া, গালাগাল করা, অপমানজনক ভাষা ব্যবহার, বারবার ফোন করে বিরক্ত করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও প্রকাশ করে গ্রাহককে হেয় করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সরাসরি সাক্ষাতের ক্ষেত্রেও নতুন নিয়ম আরোপ করা হয়েছে। ঋণ আদায়কারী এজেন্টদের অন্তত এক দিন আগে গ্রাহককে জানাতে হবে এবং প্রথমে তার পছন্দের স্থানে সাক্ষাতের চেষ্টা করতে হবে। গ্রাহক নির্ধারিত স্থানে উপস্থিত না হলে তবেই বাসা বা কর্মস্থলে যাওয়া যাবে। এ সময় এজেন্টের কাছে বৈধ পরিচয়পত্র, অনুমতিপত্র ও প্রয়োজনীয় নথি থাকতে হবে।
স্বচ্ছতা নিশ্চিত করতে ঋণ আদায়সংক্রান্ত প্রতিটি ফোনকলের তথ্য অন্তত ছয় মাস সংরক্ষণের নির্দেশ দিয়েছে আরবিআই। পাশাপাশি তৃতীয় পক্ষকে দায়িত্ব দিলেও তাদের কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট ব্যাংককেই বহন করতে হবে বলে জানানো হয়েছে।
ঋণে কেনা স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপের ক্ষেত্রেও নতুন বিধান আনা হয়েছে। কিস্তি বকেয়া হওয়ার সঙ্গে সঙ্গে ডিভাইস বন্ধ করা যাবে না। অন্তত ৩০ দিন বকেয়া থাকলে সীমিত নিয়ন্ত্রণ এবং ৬০ দিন বকেয়া থাকলে সম্পূর্ণ লক করা যাবে। তবে জরুরি কল, এসএমএস এবং প্রয়োজনীয় ফিচার সচল রাখতে হবে। বকেয়া পরিশোধের এক ঘণ্টার মধ্যে ডিভাইস পুনরায় চালু না করলে প্রতি ঘণ্টার জন্য ২৫০ রুপি ক্ষতিপূরণ দিতে হবে ব্যাংককে।
ভারতের আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপিডিজিরোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনন্ত শ্রফ বলেছেন, এই উদ্যোগ শুধু নতুন নিয়ম নয়; বরং ঋণ আদায় ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার। তার মতে, এসব নির্দেশনা বাস্তবে কার্যকরভাবে প্রয়োগ করা গেলে গ্রাহকদের অধিকার আরও সুরক্ষিত হবে।
আরও পড়ুনঃ মিরসরাইয়ে শুরু হলো চীনা ভাষা শিক্ষা কোর্স
শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা, রাত ১০টার পর আবাসিক এলাকায় হর্ন ও উচ্চ শব্দে কড়াকড়ি
সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন
