যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ইফতিয়ার হোসেন বদলি হয়েছেন। হাসপাতালের প্রতি পেশাগত দায়িত্ব পালনে অবহেলার কারণে তাঁকে বদলি করা হয়েছে।
গত ১৭ বছরের মধ্যে চৌগাছা মডেল হাসপাতালে এমন কঠোরতা দেখা যায়নি। হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন চৌগাছাবাসী। এর আগে দেখা গেছে, এই হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োগ থাকলেও ক্ষমতার দাপট দেখিয়ে অনেকে অফিসও করতেন না। স্বাস্থ্যকর্মী ইফতিয়ার হোসেনের বদলির পর থেকে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সসহ সবাই নড়েচড়ে বসেছেন। বিগত দিনে ক্লিনিক বা চেম্বার-নির্ভরশীল ও দায়িত্বে অবহেলায় থাকা চিকিৎসকদের মধ্যেও এখন রোগীদের সেবার প্রতি আন্তরিকতা লক্ষ করা যাচ্ছে।
সেবার মানে যেসব পরিবর্তন
মা ও প্রসূতি (ডেলিভারি) জরুরি বিভাগটি এখন সার্বক্ষণিক খোলা থাকছে, চালু হয়েছে ১০০ শয্যা বিভাগ এবং হাসপাতালের ডেন্টাল বিভাগটি আধুনিকায়ন করা হয়েছে, যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দন্তচিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ফাতেমা খাতুন, আব্দুল মাজিদ ও মাজেদা খাতুন জানান, হাসপাতালে চিকিৎসাসেবার মান বেশ ভালো হয়েছে। অথচ এর আগে তাঁরা এই হাসপাতালে চিকিৎসাসেবা না পেয়ে বাধ্য হয়ে ক্লিনিক বা বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতেন বলে জানান।
জনবল ও বরাদ্দ বেড়েছে কয়েকগুণ
গত দুই মাসে হাসপাতালের মাত্র পাঁচ-ছয়জন চিকিৎসক থেকে বেড়ে এখন চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। এ ছাড়া ১০ জন নিরাপত্তাকর্মী নিয়োগ এবং বাড়তি ৫০ জন বেসরকারি স্বেচ্ছাসেবী জনবল নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালের উন্নয়নে প্রায় এক কোটি টাকা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছাড় পেতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
এমপির ভূমিকা ও তদারকি
গত কয়েক মাসে হাসপাতালের চিত্র যেন বদলে গেছে। এই হাসপাতালসহ দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ দিনরাত পরিশ্রম করছেন বলে জানা গেছে। তিনি প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তিনি জাতীয় সংসদে চৌগাছা মডেল হাসপাতালসহ দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় প্রেসক্লাবের কর্মশালায় হাসপাতালের সার্বিক অবস্থা তুলে ধরেছেন। এই ধারাবাহিকতায় হাসপাতালটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ অনেকে পরিদর্শন করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক কঠোর তদারকি করছে।
এমপি ডা. ফরিদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নীসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, বিএনপি ও জামায়াতের রাজনৈতিক নেতারা এবং সমাজসেবকসহ সব স্তরের মানুষ।
ছয় মাস আগে ছিল ভঙ্গুর অবস্থা
উল্লেখ্য, গত ছয় মাস আগেও চৌগাছা মডেল হাসপাতালের স্বাস্থ্যব্যবস্থা একেবারে ভঙ্গুর ছিল। মাত্র পাঁচ-ছয়জন চিকিৎসক চিকিৎসাসেবা দিতেন এবং চিকিৎসক-নার্সসহ অধিকাংশ পদ খালি ছিল। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তির শেষ ছিল না। চিকিৎসকেরা হাসপাতালে রোগী না দেখে বাড়তি আয়ের জন্য ক্লিনিকে রোগী দেখার দিকে ঝুঁকে পড়েছিলেন বলে অভিযোগ ছিল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী জানান, হাসপাতালের মডেল কার্যক্রম ধরে রাখতে তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুনঃ আজ বিশ্ব ছেলে মেয়ে দিবস, সন্তানের সাথে বিশেষ বন্ধন উদযাপন
যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক নূরুজ্জামান
