পলাশ সাদিয়াল (স্টাফ রিপোর্টার):
খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের ঢাংমারী গ্রামের মুন্নি খাঁর জন্য একটি চায়ের দোকান স্থাপন করেছে জেসিআই ঢাকা সাউথ। কুমিরের আক্রমণে স্বামীকে হারানো মুন্নি খাঁর টেকসই জীবিকার সুযোগ তৈরি এবং তাঁর সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সুন্দরবনের করমজল এলাকায় নদীতে কাঁকড়া ধরার সময় কুমিরের আক্রমণে নিহত হন মুন্নি খাঁর স্বামী সুব্রত মণ্ডল (৩২)। স্বামীকে হারানোর সময় মুন্নি খাঁ ছিলেন গর্ভবতী। বর্তমানে তাঁর সন্তানের বয়স পাঁচ মাস।
৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৯টায় ঢাংমারীতে চায়ের দোকানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক মোহসীন উল হাকিম এবং জেসিআই ঢাকা সাউথ ও আইসিডির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুন্নি খাঁ বলেন, ‘কুমিরের থাবায় স্বামীর মৃত্যুর পর আমার ও অনাগত সন্তানের দুশ্চিন্তায় দিন কাটত। এখন এই চায়ের দোকানের আয় দিয়ে আমি আমার সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছি।’
বাস্তবায়নকারী সংস্থা আইসিডির পরিচালক আশিকুজ্জামান বলেন, জেসিআই ঢাকা সাউথের উদ্যোগে কুমিরের আক্রমণে স্বামীহারা মুন্নি খাঁর পাশে দাঁড়াতে পেরে তাঁরা স্বস্তি বোধ করছেন। বিশেষ করে তাঁর সন্তানের ভবিষ্যৎ নিয়েও তাঁদের আলাদা ভাবনা ছিল। মুন্নি খাঁ ও তাঁর সন্তানের জীবিকা নির্বাহের একটি পথ তৈরি করতে পেরে তাঁরা আনন্দিত।
নন্দিত সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা মোহসীন উল হাকিম বলেন, জেসিআই ঢাকা সাউথ মুন্নি খাঁর জন্য যে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, তা সত্যিই একটি অভাবনীয় উদ্যোগ। তিনি এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।
আরও পড়ুনঃ সৈয়দপুরে শুরু হলো ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা
জনপ্রিয়তার মাপকাঠিতেই মনোনয়ন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল
