বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীতে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও বিআরটিএ নীলফামারী সার্কেলের যৌথ উদ্যোগে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা সবচেয়ে জরুরি। জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, দুর্ঘটনা রোধে পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পার হওয়ার অভ্যাস করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাজনীম আওন, বিআরটিএর সহকারী পরিচালক মেহেদী হাসান ও ট্রাফিক ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান। এ ছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, পরিবহন শ্রমিক নেতা ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর স্বীকৃতিস্বরূপ জেলার চারজন শ্রেষ্ঠ চালকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় অর্নব ভারতের উপকূলে আঘাত হানতে পারে বুধবার, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
সৈয়দপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই কেজি দরে বিক্রির অভিযোগ