বিশেষ প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে তিনি সড়কপথে রংপুরে যান। পরে রাজশাহীতে জনসভায় বক্তব্য দেন এবং সন্ধ্যায় চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বাসে করে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
রংপুরে গিয়ে প্রধানমন্ত্রী রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হন।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী স্থানীয় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করার পর ওই দিন বিকেলে নগরীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিমানবন্দরে অবতরণের পর তিনি নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন। রাত সোয়া ৮টার দিকে সেখানে পৌঁছে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি এবং পরে ঢাকায় ফেরার কথা রয়েছে। দুর্গোৎসব উপলক্ষে এক দিনে তিন বিভাগ সফরের মাধ্যমে তিনি বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করেন।
আরও পড়ুনঃ বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
সৈয়দপুরে জালিয়াতি মামলা থেকে বাঁচতে মৃত্যু সনদ পরিবর্তনের অভিযোগ