বিশেষ প্রতিনিধিঃ
দীর্ঘ ২০ বছর পর সংস্কার করা হয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয়। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কামারপুকুর বাজারে অবস্থিত কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হন। দীর্ঘদিন রাজনৈতিক প্রতিকূলতার কারণে কার্যালয়টির নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানান। সংস্কারের পর কার্যালয়টি নতুন রূপ পেয়েছে। এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা দেখা গেছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “বিগত রাজনৈতিক প্রতিকূলতার শিকল ভেঙে কামারপুকুরে দলীয় কার্যালয় পুনর্গঠন করা হয়েছে। এই উদ্যোগ তৃণমূল বিএনপিকে নতুন শক্তিতে উজ্জীবিত করবে।”
কামারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মুকুল বলেন, কার্যালয়টি শুধু একটি ভবন নয়, বরং তরুণদের অনুপ্রেরণার কেন্দ্র। সংস্কারের পর স্থানীয় তরুণ কর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। এখন থেকে এখানে নিয়মিত রাজনৈতিক চর্চা, সামাজিক উদ্যোগ ও সাংগঠনিক ঐক্য জোরদারে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপজেলা কৃষক দলের সভাপতি মনির সরকার বলেন, এ কার্যালয়কে কেন্দ্র করে কামারপুকুরের সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধ থাকবে। মানুষের অধিকার আদায় এবং সুখে-দুঃখে তাঁদের পাশে থাকার আন্দোলনে নেতা-কর্মীরা রাজপথে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।
কার্যালয় সংস্কার উপলক্ষে আয়োজিত জমায়েতে কামারপুকুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন সম্মেলনে আমীর নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত
এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ
সত্য সংবাদের ভিডিও খবর পড়তে এখানে ক্লিক করুন