মোঃ আব্দুল আলীম (বগুড়া):
বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘটনার বিস্তারিত
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, নিজ নিজ ঘর, আঙিনা, পাড়া ও মহল্লা পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে পারলে ধাপে ধাপে পুরো শহর, জেলা এবং দেশকে দূষণমুক্ত রাখা সম্ভব।
তিনি বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস তুলে ধরে জানান, ১৯৬৮ সালে সুইডেনের উদ্যোগে পরিবেশ দূষণের বিষয়টি জাতিসংঘের আলোচনায় আসে। পরে ১৯৭২ সালের স্টকহোম সম্মেলনের ধারাবাহিকতায় ১৯৭৩ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়িতে অন্তত একটি ফলজ, বনজ অথবা ঔষধি গাছ রোপণের আহ্বান জানান তিনি। একটি গাছ মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ড, পাহাড় কাটা, নদী ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি এবং প্লাস্টিক বর্জ্যের অনিয়ন্ত্রিত ব্যবহার প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। এর ফলে ঝড়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে।
তিনি পরিবেশ সংরক্ষণে প্রতিটি পরিবারকে গাছ লাগানো, খাল পুনঃখনন এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াছমিন এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপস্থিতদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আরও পড়ুন: বিরলে রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
