নিজস্ব প্রতিনিধিঃ
ডাক্তারের অবহেলায় সিজারিয়ান রোগীর মৃত্যুর ঘটনায় শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে অশান্ত মণ্ডলের স্ত্রী কনিকার বাড়ি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন।
উল্লেখ্য, ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় রোগীর পেটে গজ রেখে সেলাই করার অভিযোগ উঠেছে। অপারেশনের এক মাস ২০ দিন পর ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনিকা মণ্ডল (৩৫) নামের ওই রোগীর মৃত্যু হয়। নিহত কনিকা মণ্ডল উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
যেভাবে ঘটে দুর্ঘটনা
নিহতের ভাসুর সমির মণ্ডল জানান, গত ২৯ জুন সিজারিয়ান অপারেশনের জন্য তাঁর ছোট ভাইয়ের স্ত্রী কনিকা মণ্ডলকে ফরিদপুরের সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসক লক্ষ্মী রানী দত্ত সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যাসন্তান প্রসব করান। পরদিন থেকেই কনিকার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়।
পরে গত ৩ জুলাই তাঁকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর দাবি, ৭ জুলাই চিকিৎসক আব্দুল জলিলের তত্ত্বাবধানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কনিকার পেটে গজ থাকার বিষয়টি ধরা পড়ে। ওই দিনই অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে গজ বের করা হয়। এরপর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কনিকা এবং বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
এই ঘটনা বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেনের নজরে আসে। তাঁর নির্দেশে বৃহস্পতিবার পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
শুক্রবার সকালে সড়কপথে নিহত কনিকা মণ্ডলের বাড়িতে পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এ সময় তিনি নিজ তহবিল থেকে ৫০ হাজার টাকা শোকাহত পরিবারের হাতে তুলে দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ী সিভিল সার্জন এস এম মাসুদ, ফরিদপুর সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ মিরসরাইয়ে বন্যায় ভাঙা মিনাবাজার সড়ক সংস্কারে এগিয়ে এলেন কৃষকদল নেতা
