মোঃ এমরুল ইসলাম (মনোহরদী উপজেলা প্রতিনিধি):
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর দলে জায়গা হবে না। অন্যায় ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলকে কঠোর অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এলাকায় উন্নয়ন অব্যাহত থাকার আশ্বাস
মন্ত্রী বলেন, সরকারি ও সাংগঠনিক দায়িত্বের কারণে সবসময় এলাকায় থাকা সম্ভব হয় না, তবে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী ছয় মাসে আরও কিছু উন্নয়নকাজ দৃশ্যমান হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, সম্প্রতি মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রম দেখভালের অতিরিক্ত দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছে।
নেতাকর্মীদের সতর্ক করলেন মন্ত্রী
নেতাকর্মীদের সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্বল ও অসহায় মানুষের জমিজমা দখলসহ কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাজ আদায় কিংবা দুই পক্ষকে খুশি রাখার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি। জনগণের কাছে নেতাকর্মীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা দুর্নীতিতে জড়ানো যাবে না, কারণ এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। নেতাকর্মীদের সৌহার্দ্যপূর্ণ আচরণ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যসচিব, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রী নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও জনগণের স্বার্থে কাজ করার এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জ ও গাজীপুরের দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের নতুন দায়িত্বে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল
