প্রান্ত বসু
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান চলাকালে মিলনায়তনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।
সোমবার (১০ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে যেসব দাবি
স্মারকলিপিতে অনুষ্ঠানের সময় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি, মবতন্ত্র কায়েম এবং সব ধরনের অপরাজনীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে হেনস্তার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
উপাচার্যের বক্তব্য
স্মারকলিপি গ্রহণকালে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন সবাইকে সর্বোচ্চ ধৈর্য, দায়িত্বশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও নতুন বাস্তবতায় পারস্পরিক সংঘাত নয়; বরং সংলাপ, সহনশীলতা এবং সম্প্রীতির চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের মতামত, পর্যবেক্ষণ ও দাবিসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।
আরও পড়ুনঃ বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাসের হার ৮৮ শতাংশ
