যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর শহরতলির বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কের জায়গা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। সড়কের দুই পাশের সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় প্রধান সড়ক থেকে বিরামপুর গ্রামের ভাটাপাড়া পর্যন্ত সলিং সড়কটি কোথাও ৯, কোথাও ১০ ফুটে সংকুচিত হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী ও এলাকাবাসীকে।
দখলে সংকুচিত সড়ক, ব্যাহত যান চলাচল
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান সড়ক থেকে ভাটাপাড়া পর্যন্ত সলিং সহ সড়কটির সরকারি হিসেবে প্রস্থ প্রায় ১৬ ফুট। স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশের জায়গা দখল করে স্থাপনা ও প্রাচীর নির্মাণের পর অনেক স্থানে সড়কটি ৬ থেকে ৭ ফুট পর্যন্ত সংকুচিত হয়েছে। ফলে বড় যানবাহন ওই সড়কে ঢুকতে পারে না। কিছু ছোট ছোট ভ্যান ও ইজিবাইক এলাকার লোকজনের যাতায়াতের প্রয়োজনীয়তা পূরন করেছে।
স্কুলশিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউটাউন বাদশা-ফয়সাল হাইস্কুলের গণিত শিক্ষক ও ভাটাপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, রাস্তার দুই পাশ দখল হওয়ায় চলাচলে অনেক ঝামেল হয়। বড় গাড়ি ঢুকতে পারে না। ভ্যান ও ইজিবাইক কোনো রকমে চলাচল করে। প্রাচীরের কারণে সড়কের সংযোগস্থল দেখা যায় না। স্কুল ছুটির পর শিশুদের নিয়ে অভিভাবকদের উদ্বেগে থাকতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা খাতুন বলেন, ভাটাপাড়া সড়কের দুই পাশ দখল হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। কখন কোনো শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়, সেই আশঙ্কা রয়েছে। সবার নিরাপত্তার স্বার্থে সরকারি রাস্তা দখলমুক্ত করা প্রয়োজন।
কর্তৃপক্ষের বক্তব্য
সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানা বলেন, সড়ক দখল করে প্রাচীর নির্মাণ করায় ওই এলাকার মানুষের অসুবিধা হচ্ছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের নিয়ে সবাই উদ্বেগে থাকেন। বিষয়টির সঠিক সমাধান হওয়া প্রয়োজন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, তিনি রাস্তাটি পরিদর্শন করবেন। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার হক বলেন, বিষয়টি তাঁর জানা নেই। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুনঃ স্বামী হারানোর পরও থামেননি খাদিজা, বিদেশি ফলের বাগানে সফল কৃষি উদ্যোক্তা
নীলফামারীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত