শোভন ভট্টাচার্য্য (নীলফামারী):
ঘুমের মধ্যে সাপের কামড়ে লুনা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লুনা ওই এলাকার আব্দুর রহিমের মেয়ে।
যেভাবে ঘটে দুর্ঘটনা
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতের খাবার শেষ করে মা-বাবার সঙ্গে এক বিছানায় ঘুমিয়ে পড়ে লুনা। মধ্যরাতে হঠাৎ তার ডান হাতে একটি সাপ কামড় দিলে সে ব্যথায় চিৎকার করে ওঠে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, বিষয়টি তাঁরা জানতে পেরেছেন এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ পিরোজপুরে ডেঙ্গু রোগী আট মাসে ১২৮৫ জন, বরিশাল বিভাগে সর্বোচ্চ
