মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে কক্সবাজার ভ্রমণে নেওয়ার ঘোষণা দিয়েছেন মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম। পাশাপাশি ভবিষ্যতে এক বছরের মধ্যে হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের চট্টগ্রাম থেকে বিমানে কক্সবাজার ভ্রমণে নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) সকালে মাদ্রাসার হলরুমে হিফজ সমাপ্তি, নতুন শিক্ষার্থীদের সবক প্রদান এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত ১৮ হাফেজকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে এসব ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম। হিফজ বিভাগের প্রধান রিফাত হোসেন রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মকছুদ আহম্মদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মকছুদ আহম্মদ বলেন, পবিত্র কোরআন হিফজ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি অর্জন। এ সম্মান ধরে রাখতে নিয়মিত তিলাওয়াত ও চর্চার পাশাপাশি কোরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মাদ্রাসার পরিচালক হাফেজ আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার পাশাপাশি যোগ্য, আদর্শবান ও দ্বীনদার মানুষ হিসেবে তৈরি করাই মাদ্রাসার লক্ষ্য। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। হিফজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য অন্যদেরও কোরআন মুখস্থ করতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করে তিনি আরও বলেন, গতানুগতিক ধারার বাইরে গিয়ে পড়াশোনাকে সহজ, আনন্দদায়ক ও ব্যতিক্রমী করার চেষ্টা চলছে। ভবিষ্যতে মারকাজুত তাহফিজ মাদ্রাসাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ মাসুকুল আলম সোহান, মাদ্রাসার উপদেষ্টা আব্দুল হাই, পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আইয়ুবুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুর রহমান, মাওলানা এনায়েত উল্ল্যাহ এবং অভিভাবক মাওলানা গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে ইফরাজ, আবিদ, এহছানুল করিম, মাহমুদ বিন গিয়াস উদ্দিন, হাবিবুল্লাহ বিন দেলোয়ার, ছালেম, ইউনুছ ও সাদ বিন শামীমকে হিফজের সবক দেওয়া হয়। এ ছাড়া রাহি ও রাইফুল হিফজ সম্পন্ন করা হয়।
একই অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত চতুর্থ হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত ১৮ হাফেজকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মকছুদ আহম্মদ।
আরও পড়ুনঃ ডোমারে দোয়া মাহফিলে হামলার অভিযোগ বানোয়াট দাবি করে মুসল্লিদের সংবাদ সম্মেলন
যশোরে কিশোর স্বাধীন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন