মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু হয়েছে। নতুন চালু হওয়া এ শ্রেণির শিক্ষার্থীদের ছবক প্রদান, বই বিতরণ ও দোয়া অনুষ্ঠান বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন। উপাধ্যক্ষ জহুরুল হকের সঞ্চালনায় পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করেন আব্দুল আজিজ। ইসলামী সংগীত পরিবেশন করেন সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সিনিয়র সহকারী মাওলানা হাফেজ মাওলানা একরামুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদ। বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফারুক আহমাদ বলেন, আলিম শ্রেণি চালুর ফলে বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বিত ধারায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি। একই সঙ্গে তিনি নতুন চালু হওয়া আলিম বিভাগের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর এবারই প্রথমবারের মতো মাদ্রাসায় আলিম শ্রেণি চালু করা হয়েছে। এটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আলিম পর্যায়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করা হবে। এ কার্যক্রম সফল করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মান্দারবাড়িয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা নুরুন্নবী, নাহেরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছলিম উল্ল্যাহ, নিজামপুর আব্দুল গনি (রহঃ) দাখিল মাদরাসার সুপার মাওলানা এম.এ কাশেম, সমাজসেবক ও রাজনীতিবিদ আশরাফ উদ্দিন, মিরসরাই কলেজের প্রভাষক সাইদুল ইসলাম, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের আইসিটির প্রভাষক ইঞ্জিনিয়ার ওমর ফারুক, এসএম আরিফ ও এবিএম জসিম উদ্দিন।
এ সময় আলিম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। পাশাপাশি দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের ছবক প্রদান করা হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ আধুনিক পানির ব্যবস্থার ভিড়ে কালের সাক্ষী নীলফামারীর সেই পাতকুয়া
বেনাপোল স্থলবন্দরে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান