বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে রাধানগর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করতে গিয়ে নামফলকে নিজের নাম দেখে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ।
নামফলক উন্মোচনেই আপত্তি
অনুষ্ঠানে ভবনের উদ্বোধনের আগে নামফলক উন্মোচন করা হলে সেখানে নিজের নাম দেখতে পান সংসদ সদস্য। বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানান। তাঁর বক্তব্য, জনগণের অর্থে নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় কোনো ব্যক্তির নাম ব্যবহার করে নামফলক করা উচিত নয়।
আত্মপ্রচারের চর্চা বন্ধ হওয়া প্রয়োজন
হাসনাত আবদুল্লাহ বলেন, জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের জন্য স্থাপনার নামফলকে ব্যক্তির নাম ব্যবহারের চর্চা বন্ধ হওয়া প্রয়োজন। জনগণের অর্থেই উন্নয়নকাজ বাস্তবায়িত হয় বলে জানিয়ে তিনি বলেন, স্থাপনার নামফলকে ব্যক্তির নামের পরিবর্তে দেশের নাম অথবা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক তথ্য রাখা যেতে পারে।
এ সময় নিজের নির্বাচনী এলাকার ভবিষ্যৎ উন্নয়নকাজ ও প্রাতিষ্ঠানিক স্থাপনার উদ্বোধনী ফলকে তাঁর নাম ব্যবহার না করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এরপর নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন হাসনাত আব্দুল্লাহ।
নামফলক পরিবর্তনের সিদ্ধান্ত বিদ্যালয় কর্তৃপক্ষের
রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী নামফলকটি পরিবর্তন করে নতুন করে স্থাপন করা হবে বলে জানান তিনি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন মহল থেকে ঘটনাটি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানানো হয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে নামফলক পরিবর্তনের সিদ্ধান্ত প্রকাশ করেছে।
আরও পড়ুনঃ বহিষ্কারাদেশ প্রত্যাহার, যুবদলে পুনর্বহাল খায়রুল ইসলাম সজীব