বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই প্রবীণ গুণী শিক্ষাবিদকে সম্মাননা দেওয়া হয়। সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, শিক্ষকরা শুধু পাঠদান করেন না, শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করা প্রয়োজন। অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য প্রবীণ গুণী শিক্ষাবিদ অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফজালুল হককে সম্মাননা স্মারক দেওয়া হয়।
সভায় আরও বক্তব্য রাখেন নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফজালুল হক, সোনারায় সংগলশী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. সৈয়দ খলিলুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নীলফামারী প্রেস ক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন এবং দিবস উদযাপন কমিটির সদস্য মো. মোর্শেদ আজম প্রমুখ।
আরও পড়ুনঃ হত্যা সহ ৩০ মামলার আসামী ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনা সাজানো, জড়িত এসআই- পুলিশ কমিশনার