নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারের মধ্যে ৬ ভরি ৯ আনা ৫ রতি সোনার অলংকার উদ্ধার করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ঘর ভাঙার সরঞ্জামও উদ্ধার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই সময় ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল একটি পাকা বাড়ির দ্বিতীয় তলায় প্রধান কাঠের দরজা ভেঙে প্রবেশ করে। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গৃহকর্তা, তাঁর স্ত্রী ও দুই ছেলেকে জিম্মি করে। একপর্যায়ে স্টিলের আলমারির লকার ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং গৃহকর্তার দাবি অনুযায়ী আনুমানিক ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা।
ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ গাউছিয়া-ভুলতা এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পিকআপ ভ্যান সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর মাধবদী থানার বিরামপুর এলাকার শাহিন ওরফে শামীম (৪৮), কুমিল্লার হোমনা থানার ওপারচর এলাকার মো. শরীফ (৩৯), নরসিংদীর খিদিরপুর এলাকার হৃদয় দাস (৩০), মাধবদীর বগিরাতপুর এলাকার মো. তামজিদ মিয়া (৪০) এবং একই থানার দিঘীরপাড় এলাকার মো. শামীম (৪০)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত ও তল্লাশি করে বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ৯ আনা ৫ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ঘর ভাঙার সরঞ্জামও উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী গৃহকর্তা ও তাঁর পরিবারের সদস্যরা থানায় গিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের শনাক্ত করেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক সহযোগীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ নীলফামারীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল
ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ১৬