মোঃ সাইফুল ইসলাম (নাসিরনগর, ব্রাক্ষ্মনবাড়িয়া):
পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে আয়োজিত ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ১০ মহররম, রোববার অনুষ্ঠিত সমাপনী আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে।
মাহফিলে সভাপতিত্ব করেন ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামের আমির আলহাজ মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী। তিনি তরিকতের শিক্ষা ও নৈতিক জীবন গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। রাতব্যাপী আয়োজিত মাহফিলে আশুরার তাৎপর্য, আহলে বাইতের মর্যাদা এবং কারবালার শহীদদের আত্মত্যাগের শিক্ষা তুলে ধরে দেশবরেণ্য আলেমরা আলোচনা ও ধর্মীয় বয়ান পেশ করেন।
বক্তব্যে পীর সাহেব বলেন, ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানবকল্যাণের ধর্ম। মহানবী হজরত মুহাম্মদ (সা.), সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এবং ইমাম হোসাইন (রা.)-এর জীবনাদর্শ মানবতার কল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা ও সত্যের পক্ষে অবিচল থাকার শিক্ষা দেয়। তিনি কারবালার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায়, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
দরবার শরীফ সূত্রে জানা যায়, পীরজাদা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, পীরজাদা মুফতি সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী এবং পীরজাদা মুফতি সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর তত্ত্বাবধানে ১ মহররম থেকে ৯ মহররম পর্যন্ত খতমে কোরআন, খতমে খাজেগান, আহলে বাইতের জীবনাদর্শ বিষয়ক আলোচনা, মিলাদ, দোয়া ও জিকিরসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালিত হয়। পাশাপাশি ১০ দিনব্যাপী মাহফিলে দেশের খ্যাতিমান ইসলামি চিন্তাবিদ, আলেম ও পীর-মাশায়েখ কারবালার শিক্ষা, আহলে বাইতের মর্যাদা এবং ইসলামের মানবিক আদর্শ নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: মোংলা নদীতে বিরতিহীন ফেরি চলাচল শুরু, কমবে পারাপারের দুর্ভোগ
