সামজাদ জসি (ব্রাক্ষনবাড়ীয়া):
বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে কাউছার মিয়া (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক করে বিজয়নগর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল নোয়াবাদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কাউছার মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: নাসিরনগরের ৬০ শিক্ষার্থীর প্রথমবার সংসদের বাজেট অধিবেশন দেখার সুযোগ
গ্রেপ্তার হওয়া কাউছার মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
