সেলিম রেজা (বিরল, দিনাজপুর):
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরলে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বিরল উপজেলা শাখার যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মাঝে ঋণের চেক ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মো. দিনার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সবুজ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরল থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এবং বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা। এছাড়া সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমবায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পাঁচজন সমবায়ীর হাতে মোট ৬ লাখ ৩০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে।
আরও পড়ুনঃ বগুড়া চেম্বার নির্বাচনে নিরঙ্কুশ জয় বাদল-হিরু প্যানেলের
