সঞ্জু বনিক সৌরভ (পঞ্চগড়):
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের একটি জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোদা থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে চারটি এমফিটামিনজাতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে মোট এক হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড আদায়ের পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনা করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
আরও পড়ুন: মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর
