সঞ্জু বনিক (পঞ্চগড়):
পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে আবু কালাম আজাদ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর কেরামতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু কালাম আজাদ ওই গ্রামের মৃত মিয়াজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হালকা বৃষ্টির মধ্যে আবু কালাম আজাদ মাঠে ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মহানুর ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই আবু কালাম আজাদের মৃত্যু হয়েছিল। ইসিজি পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রয়োজন ছাড়া খোলা মাঠে অবস্থান না করার জন্য সংশ্লিষ্টরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
