ডেক্স রিপোর্ট:
বিশ্বকাপের শেষ ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে জাপান। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠা ব্রাজিল আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপানের বিপক্ষে মাঠে নামবে। ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় স্থান নিশ্চিত করে জাপান।
শক্তিমত্তা, অভিজ্ঞতা এবং ফিফা র্যাঙ্কিং—সব দিক থেকেই এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ, আর জাপান রয়েছে ১৮তম স্থানে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও স্পষ্ট ব্রাজিলের আধিপত্য। এখন পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়ে সাতটিতে জয় পেয়েছে ব্রাজিল। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একটিতে।
তবে ব্রাজিলের জন্য সতর্কবার্তাও রয়েছে। দুই দলের সর্বশেষ দেখায়, ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে ৩-২ গোলে ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। ওই ম্যাচে খেলা জাপানের বেশিরভাগ ফুটবলার এবারও বিশ্বকাপ দলে রয়েছেন। ফলে নকআউট পর্বের এই লড়াইয়ে জাপানকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই।
চলতি বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। পরে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। অন্যদিকে জাপান নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করে। দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানোর পর গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।
আরও পড়ুন: বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ
