মোঃ সালাউদ্দীন (পঞ্চগড়):
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের এক ছটাক জমিও যাতে নদীগর্ভে বিলীন না হয়, সে লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ চৌধুরীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঘটনার বিস্তারিত
প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙনের ক্ষতি কমাতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে সুরক্ষায় যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারি সহায়তা বিতরণে রাজনৈতিক পরিচয় বিবেচনার কোনো সুযোগ নেই। তিনি দল-মত নির্বিশেষে সবার প্রতিনিধি উল্লেখ করে বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে কে কোন রাজনৈতিক দলের, তা বিবেচ্য হতে পারে না।
স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, সরকারি সহায়তা বিতরণে স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। প্রকৃত ক্ষতিগ্রস্তদের যথাযথভাবে সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তার রাজনীতির মূল উদ্দেশ্য। মানুষের প্রয়োজন ও দুর্দিনে পাশে থাকাই একজন জনপ্রতিনিধির দায়িত্ব।
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বোদা ও দেবীগঞ্জ উপজেলার কোনো মসজিদ, মন্দির বা গির্জা সরকারি অনুদান থেকে বঞ্চিত থাকবে না। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে এ অঞ্চলের সব কাঁচা সড়ক পর্যায়ক্রমে পাকা করার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের হাতে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন, আলোচনা সভা ও চারা বিতরণ
