সানোয়ার রাকিবুল ইসলাম (হাতিবান্দা, লালমনিরহাট):
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রিপেইড মিটার বাতিল এবং ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মেডিকেল মোড় গোলচত্বরে আয়োজিত এ কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন।
‘হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা ‘তোর মিটার তুই নে, আগের মিটার ফিরিয়ে দে’সহ বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।
প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি
সমাবেশে হাতীবান্ধা সচেতন নাগরিক ঐক্য পরিষদের সমন্বয়ক শামসুল আলম বুলেট, ফারুক হোসেন, ফিরোজ হোসেন, নজরুল, কমরেড সৈকত ও সবুজ সরকার বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে সাধারণ গ্রাহকদের অতিরিক্ত আর্থিক চাপ ও নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এর পাশাপাশি দীর্ঘ সময়ের লোডশেডিং জনজীবনকে দুর্ভোগে ফেলেছে। তারা দ্রুত প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
এক ঘণ্টা মহাসড়ক বন্ধ, ইউএনওর আশ্বাসে অবরোধ প্রত্যাহার
কর্মসূচির একপর্যায়ে বিক্ষোভকারীরা লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার এবং হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল জামান।
আন্দোলনকারীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধের আহ্বান বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের
