নিজস্ব প্রতিনিধিঃ
মোংলা বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও দখলদারদের ১০ দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ আগস্ট) মোংলা বন্দর কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, The Port Authorities Land and Buildings (Recovery of Possession) Ordinance, 1962 এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২১-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বন্দর এলাকার অবৈধ দখলমুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বন্দর এলাকায় অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ
বন্দর কর্তৃপক্ষ জানায়, তাদের নিয়ন্ত্রণাধীন স্থায়ী বন্দর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, পিকনিক কর্নারসহ বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আগামী ১০ দিনের মধ্যে স্বেচ্ছায় অবৈধ স্থাপনা অপসারণের অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না হলে প্রচলিত আইন অনুযায়ী দখল উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নির্দেশনার অনুলিপি নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন), প্রধান নিরাপত্তা কর্মকর্তা এবং চেয়ারম্যানের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
আরও পড়ুন: প্রিপেইড মিটার বাতিলের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ
৫ আগস্ট উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ
