ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ-স্বর্ণ লুটের অভিযোগ

মিরসরাইয়ে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ-স্বর্ণ লুটের অভিযোগ

মিরসরাইয়ে বসতঘরে চুরির প্রতীকী ছবি

মোঃ আনোয়ার হোসেন (মিরসরাই উপজেলা প্রতিনিধি):

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি ফাঁকা বসতঘরে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘরের তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

বুধবার দিবাগত রাতে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ রুহুল আমিন বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি মৃত আক্তার হোসেনের পরিবারের।

নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

ভুক্তভোগী ইফতেখার হোসেন রিয়াদ জানান, ঘটনার সময় পরিবারের সদস্যরা শহরের বাইরে থাকায় বসতঘরটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

তার দাবি, চোরেরা প্রায় ৫০ হাজার টাকা নগদ অর্থ, প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ ও ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে পাশের ঘরে থাকা তার চাচি ঘরের তালা ভাঙা ও দরজা খোলা দেখে বিষয়টি তাদের জানান। খবর পেয়ে বাড়িতে এসে ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখতে পান।

ইফতেখার হোসেন রিয়াদ বলেন, “নিজের ঘরকে এভাবে লণ্ডভণ্ড অবস্থায় দেখতে হবে, কখনো ভাবিনি। এটি শুধু আর্থিক ক্ষতিই নয়, আমাদের পরিবারের নিরাপত্তা ও মানসিক শান্তির ওপরও বড় আঘাত।”

এলাকায় আতঙ্ক, তদন্তের দাবি

চুরির ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

স্বর্ণ চুরির অভিযোগ সঠিক নয়: পুলিশ

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, কিছু বৈদ্যুতিক তার (বিদ্যুৎ সংযোগের তার) চুরি করা হলেও পরে সেগুলো ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, “তাদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ তিস্তার পানি বিপদসীমার ওপরে, লালমনিরহাটে বন্যার শঙ্কা

২০১৯-২০২৬: ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অপরাধীকে ফেরানোর দাবি দিল্লি পুলিশের

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর