মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ‘আল আকসা সরিষা মিল’-এর যাত্রা শুরু হয়েছে। স্থানীয়ভাবে সংগৃহীত সরিষা প্রক্রিয়াজাত করে মানসম্মত সরিষার তেল উৎপাদন ও বাজারজাত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় কারখানা চালু করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট সড়কের হোসেন মার্কেটে আনুষ্ঠানিকভাবে মিলটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায় থেকে সরিষা সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতের মাধ্যমে সরিষার তেল উৎপাদন করা হবে। ২০২০ সালে ফেনীর ছাগলনাইয়ায় প্রথম কারখানা চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম শুরু হয়। এবার বারইয়ারহাটে দ্বিতীয় কারখানা চালু করা হলো।
প্রতিষ্ঠানটির পরিচালক আবদুল কাদের কিরন বলেন, তাদের উৎপাদিত পণ্য বিএসটিআই অনুমোদিত। ভেজালমুক্ত ও মানসম্মত সরিষার তেল বড় পরিসরে বাজারজাত করার লক্ষ্যেই বারইয়ারহাটে দ্বিতীয় কারখানা চালু করা হয়েছে।
তিনি বলেন, ভোক্তাদের আস্থা অর্জন করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। মানসম্মত সরিষা ব্যবহার করে কোল্ড প্রসেস পদ্ধতিতে তেল উৎপাদন করা হচ্ছে বলেও জানান তিনি।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির সফলতা, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আরও পড়ুনঃ বরিশালে উদ্বোধন হলো রিহ্যাব হেলথ কেয়ার অ্যান্ড নার্সিং হোম
