মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি ও ফার্মেসি মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
যেভাবে চলে অভিযান
অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য পরিস্থিতি তদারকির পাশাপাশি বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করে ওষুধের মান, সংরক্ষণ ও বিক্রয়সংক্রান্ত বিষয় মনিটরিং করা হয়। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে চারটি মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকি এবং ওষুধ ও কসমেটিকসের আইনসম্মত বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া মোবাইল কোর্টের অংশ হিসেবে আবুতোরাব বাজারের অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতিও পরিদর্শন করা হয়। অভিযানে সহকারী পরিচালক (ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম) মাখনুওন তাবাসসুম, উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী, বাজার কমিটির সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএনওর বক্তব্য
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও ফার্মেসিগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। ওষুধ ও কসমেটিকস আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে এবং আইন অমান্য করে অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বাজারের পরিবেশ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ও উপজেলা প্রশাসনের নজরদারিতে থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ মোড়েলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত, সুন্দরবন রক্ষার আহ্বান তরুণদের
