যাত্রাবাড়ী থানা প্রতিনিধিঃ
রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা জজ মিয়া হত্যা মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। মুক্তাগাছা থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর সহায়তা অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর ময়মনসিংহের মুক্তাগাছা থানার মানকোন ইউনিয়নের বাদেমাঝিরা এলাকা থেকে তিনজন এবং একই রাতে রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সহযোগিতায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন মনির হোসেন (২৫), রমজান ওরফে বুলেট (২২), আশিক (২২), রাসেল (২৪) ও সাব্বির খান (২৩)। তাঁদের অধিকাংশই রাজধানীর বাড্ডা এলাকার বিভিন্ন বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন। খিলগাঁও থানা পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পাঁচজনই জজ মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আগেই আদালতে জবানবন্দি দুই আসামির
এর আগে একই মামলায় গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ ও করিমকে আদালতে হাজির করা হলে তাঁরা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
সিসিটিভি-সিডিআর যাচাই করে মিলেছে হত্যার ছক
প্রাথমিক তদন্ত, ভিকটিমের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় পুলিশ জানতে পারে, গত ৮ সেপ্টেম্বর সকালে জজ মিয়া (৪৪) বাসা থেকে বের হয়ে বাড্ডার মেরুল এলাকার একটি গ্যারেজে যান।
সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আব্দুল্লাহ, করিম, মনির, রমজান, আশিক, রাসেল, সাব্বির সহ অন্য সহযোগীরা পূর্বপরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করে হত্যা করেন। পরে মরদেহ সিএনজিচালিত অটোরিকশায় করে খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজের নিচে জিরানী খালে ফেলে পালিয়ে যান তাঁরা। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ নাজিরপুরে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ১৪ বছরের কিশোরীর
মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি গনমাধ্যমের সহযোগীতা চান এসপি হাবিব