যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইন ভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে এসআরবি-৬ এর একটি দল। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার ভাড়া বাড়িতে বসে জাল নথি তৈরি সহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন।
অভিযোগ রয়েছে, বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের লক্ষ্য করে কাজ করত চক্রটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স সহ গুরুত্বপূর্ণ নথির তথ্য সংগ্রহ বা হ্যাক করে সেসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য বসিয়ে জাল নথি তৈরি করতেন। পরে এসব নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো বলে জানা গেছে।
অভিযানে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, নকল ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং কম্পিউটার সহ সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, চক্রটির বিরুদ্ধে অনলাইন ভিত্তিক প্রতারণা সহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। এসআরবি-৬ জানিয়েছে, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন ভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নীলফামারীতে পৌর শ্রমিক দলের সভাপতি আরমান হককে সকল পদ থেকে অব্যাহতি
নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ছাড়লেন এমপি হাসনাত আবদুল্লাহ