ডেক্স রিপোর্টঃ
জেলার কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি, সরবরাহ কিংবা বাল্যবিবাহের আয়োজনের তথ্য জানালে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলাবাসী যাতে কোনো প্রকার ঝামেলা ছাড়া ও নির্দ্বিধায় তথ্য দিতে পারেন, সেই লক্ষ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘হ্যালো ডিসি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে এসব অপরাধের তথ্য সহজে ও দ্রুত সময়ে জানানো যাবে উপযুক্ত কর্তৃপক্ষকে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার কোনো এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার, কেনাবেচা, সরবরাহ, বাল্যবিবাহের আয়োজন ও এধরনের কোন উদ্যোগের খবর জানা থাকলে তা ‘হ্যালো ডিসি’র মাধ্যমে প্রশাসনকে জানানো যাবে। পাওয়া তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যদাতাদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব আছে। কারও কাছে এ ধরনের ঘটনার তথ্য থাকলে তা ‘হ্যালো ডিসি’র মাধ্যমে জানানো যেতে পারে এবং তথ্য যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। দায়িত্বশীল ভাবে তথ্য দিয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করা ব্যক্তিদের উৎসাহিত করতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাঁরা তথ্য দেবেন, তাঁদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান ডিসি ফরিদা খানম।
জেলা প্রশাসন জানিয়েছে, স্থানীয় পর্যায় থেকে অপরাধের তথ্য দ্রুত প্রশাসনের কাছে পৌঁছালে ঘটনার শুরুতেই ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়। জনগণের অংশগ্রহণ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ নিজ নিজ এলাকার সমস্যা ও অপরাধের তথ্য সরাসরি জেলা প্রশাসনের কাছে জানাতে পারবেন।
ওয়েবসাইট, অ্যাপ ও ফোন নম্বরে জানানো যাবে তথ্য
‘হ্যালো ডিসি’তে তথ্য জানাতে hellodc.bd ওয়েবসাইট ব্যবহার করা যাবে। এ ছাড়া গুগল প্লে স্টোর থেকে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমেও তথ্য পাঠানো যাবে। সরাসরি ০৯৬৩৯০০৬০৬০ নম্বরে ফোন করেও জানানো যাবে অপরাধের তথ্য। যাচাইয়ে তথ্য সঠিক প্রমাণিত হলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি থাকছে তথ্যদাতার ঠিকানায় উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থা।
এই উদ্যোগের মাধ্যমে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে মানুষের অংশগ্রহণ বাড়বে এবং অপরাধমূলক কার্যক্রম ঘটার আগেই তা প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা জেলা প্রশাসন।
সারা দেশে চালুর দাবি
স্থানীয় সাধারণ নাগরিকেরা মনে করেন, উদ্যোগটি কার্যকর করা সম্ভব হলে অনেকাংশে এসব অপরাধ কমে আসবে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবস্থাটি সারা দেশে চালুর দাবিও তুলতে দেখা যায়।
আরও পড়ুনঃ লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
মিরসরাইয়ে প্রথমবার চালু হলো আলিম শ্রেণি, শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠিত