যশোর জেলা প্রতিনিধিঃ
প্লট সংকট, জলাবদ্ধতা, জরাজীর্ণ সড়ক ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি চাহিদার তুলনায় কম পানি সরবরাহ এবঙ বিদ্যুৎ ও নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যায় যশোর বিসিক শিল্পনগরীর উৎপাদন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। উদ্যোক্তাদের অভিযোগ, দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় শিল্পনগরীর অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। নতুন উদ্যোক্তাদের আগ্রহ থাকলেও খালি প্লট না থাকায় শিল্প স্থাপনের সুযোগ দেওয়া যাচ্ছে না। এছাড়া প্রায় দেড় দশক ধরে দ্বিতীয় শিল্পনগরী স্থাপনের উদ্যোগও ঝুলে রয়েছে বলে জানা গেছে।
যশোর শহর সংলগ্ন যশোর-নড়াইল মহাসড়কের পাশে ঝুমঝুমপুরে ১৯৬২ সালে ৫০ একর জমির ওপর যশোর বিসিক শিল্পনগরী গড়ে ওঠে। বিসিক কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সেখানে ১২২টি শিল্প ইউনিট চালু রয়েছে। এসব কারখানায় হালকা প্রকৌশল, অটোমোবাইল যন্ত্রাংশ, কৃষি যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক ও কেমিক্যালসহ বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। এসব প্রতিষ্ঠানে বছরে প্রায় ৭০০ কোটি টাকার পণ্য উৎপাদন হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়াও এখানে প্রায় ৬ হাজার ৯১৮ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানা গেছে । যার মধ্যে প্রায় ২ হাজার ৯৮৬ জন নারী শ্রমিক রয়েছে।
উদ্যোক্তারা বলছেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শিল্পনগরীর অভ্যন্তরীণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির সময় সঠিক ভাবে পানি নিষ্কাশন না হওয়ায় কারখানার ভেতরেও পানি ঢুকে পড়ার ঘটনা ঘটে। এতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিয়মিত সার্ভিস চার্জ দিয়েও প্রত্যাশিত সেবা না পাওয়ার হতাশার কথা জানিয়েছেন অনেক উদ্যোক্তা।
এনায়েত ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী আকতার হোসেন বলেন, ১৯৬২ সালে ২৫টি ইউনিটের কথা বিবেচনায় নিয়ে যে পানির পাম্প ব্যবস্থা করা হয়েছিল, বর্তমানে সেখানে ইউনিটের সংখ্যা বেড়ে ১২২ হয়েছে। তাছাড়া দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পানি সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। আগুন লাগলে তাৎক্ষণিকভাবে ব্যবহারের মতো পর্যাপ্ত পানির উৎস না থাকাও উদ্বেগের বিষয় বলে জানান তিনি।
অভ্যন্তরীণ সড়কের সংস্কার না হওয়ায় যানবাহন ও শ্রমিকদের চলাচলেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। রাতে পর্যাপ্ত সড়কবাতি না থাকা এবং স্থায়ী পুলিশ ক্যাম্প না থাকায় শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। রপ্তানিকারক প্রতিষ্ঠান এমইউ সিইএ ফুডসের স্বত্বাধিকারী শ্যামল দাস জানান, শিল্পনগরীতে সীমানাপ্রাচীর, প্রধান ফটক ও নিজস্ব বৈদ্যুতিক ফিডার নেই। প্রায় তিন কিলোমিটার পাকা সড়ক ও ছয় কিলোমিটার ড্রেনের বড় অংশ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায় অকার্যকর হয়ে পড়েছে।
বিসিক সূত্র জানায়, উদ্যোক্তাদের চাহিদা বিবেচনায় ২০১১ সালের ৮ মে দ্বিতীয় শিল্পনগরী স্থাপনের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়। শুরুতে যশোর-নড়াইল সড়কের ফতেপুর এলাকায় ৪০ একর সরকারি জমিতে অটোমোবাইল শিল্পাঞ্চল স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সদর উপজেলার রামনগরে ‘লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক’ স্থাপনের সিদ্ধান্ত হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্প বাস্তবায়নে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
যশোর শহর ও আশপাশের এলাকায় অটোমোবাইল যন্ত্রাংশ উৎপাদন, বাস-ট্রাকের বডি তৈরি, তিন চাকার যান সংযোজন ও মেরামতের অনেক কারখানা রয়েছে। বিসিক সূত্রের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণের জন্য প্লট চেয়ে আবেদন করলেও জায়গার অভাবে তাদের চাহিদা পূরণ করা সম্ভব হয়নি।
যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, অবকাঠামোগত দুর্বলতার কারণে নতুন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন। বিদ্যমান বিসিক শিল্পনগরীর আধুনিকায়নের পাশাপাশি প্রস্তাবিত শিল্প পার্ক দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। চেম্বারের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান শিল্পের উৎপাদন ও সম্প্রসারণে উদ্যোক্তাদের সহজ শর্তে আর্থিক সহায়তা দেওয়ার ওপরও গুরুত্ব দেন।
যশোর বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) এম এনাম আহমেদ বলেন, বিসিক শিল্পনগরীর অবকাঠামোগত সমস্যা সমাধানে সংস্কার ও আধুনিকায়নের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। একই সঙ্গে যশোর বিসিক আধুনিকায়নের পাশাপাশি রামনগরে প্রস্তাবিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক স্থাপনের উদ্যোগও বেগবান করা হচ্ছে। তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে বিকল্প ড্রেনেজ ব্যবস্থার একটি খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে। নতুন শিল্প পার্ক বাস্তবায়িত হলে অতিরিক্ত কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে বর্তমান প্লট সংকটও অনেকটা কমবে।
আরও পড়ুনঃ যশোরে দোকান-বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
হ্যালো ডিসি তে মাদক-বাল্যবিবাহের তথ্য দিলে পুরস্কার, গোপন থাকবে তথ্য দাতার পরিচয়