বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সব উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
নীলফামারী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন। সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের মতামত নেওয়া হয়।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ সতর্ক রয়েছে। একই সঙ্গে পূজাকে ঘিরে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার ক্রাইম মনিটরিং সেলের নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, জেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাক-পূজা, পূজা চলাকালীন ও পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সহযোগিতাও কামনা করেন তিনি।
পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তাদের উত্থাপিত বিষয়গুলো বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম-সেবা (নীলফামারী সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী (সৈয়দপুর সার্কেল), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপজেলা ও পৌরসভা পর্যায়ের পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা ও সমন্বয়ে গুরুত্ব
যশোর বিসিকে অবকাঠামো সংকটে ব্যাহত উৎপাদন, থমকে আছে দ্বিতীয় শিল্পনগরীর উদ্যোগ