নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সাগর সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে ফেসবুকে সম্পাদিত ভিডিওর মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান রাজিব (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার মেহেদী হাসান রাজিব (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদৈর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ভূঁইয়া এর পুত্র। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযানে দুটি মোবাইল ফোন, একটি বিকাশ নম্বর-সংক্রান্ত তথ্য এবং ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে রকিবুল ইসলাম সাগর সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ভিডিও সম্পাদনা করে মিথ্যা তথ্য প্রচার করে আসছিল একটি চক্র। এক পর্যায়ে চক্রটির মূলহোতা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাগরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বিকাশের মাধ্যমে কিছু টাকা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রকিবুল ইসলাম সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ওসি নজরুল ইসলামের সমন্বয়ে আইটি শাখার এসআই মফিজুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি ও মোবাইল ফোন সহ আটক করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান রাজিব নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে অন্যদের প্ররোচনায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি। গ্রেফতারকৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতের সময় নেসকোর কর্মীর মৃত্যু
কাবাডিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হাতীবান্ধার নারী কাবাডি দল, জাকজমকপূর্ন সংবর্ধনা