ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক সাইকেল-স্কুটিতে স্কুলে আসতেন, বিদায়ে ফুলেল ভালোবাসায় সিক্ত শিক্ষক আলাউল কবির

সাইকেল-স্কুটিতে স্কুলে আসতেন, বিদায়ে ফুলেল ভালোবাসায় সিক্ত শিক্ষক আলাউল কবির

আলাউল কবিরের বিদায় সংবর্ধনায় ফুল দিয়ে সম্মান জানাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

কখনো সাইকেল, কখনো স্কুটি চালিয়ে বিদ্যালয়ে আসতেন তিনি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে ছুটে যেতেন শিক্ষার্থীদের পাঠদান করতে। সেই বিদ্যালয় থেকেই দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন সহকারী প্রধান শিক্ষক আলাউল কবির। অবসরের দিনে শিক্ষার্থীদের ফুল ছিটানো, স্কাউট দলের সম্মানজনক বিদায় এবং সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে সজ্জিত প্রাইভেট কারে বাড়ি ফিরলেন তিনি। যে শিক্ষক একসময় সাইকেল কিংবা স্কুটিতে চড়ে বিদ্যালয়ে আসতেন, তাঁর বিদায় হলো ভালোবাসা ও সম্মানের ব্যতিক্রমী আয়োজনে।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাউল কবিরের অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্তৃপক্ষ তাঁকে ফুলের মালা, ফুলের তোড়া, উত্তরীয় ও ক্রেস্ট সহ বিভিন্ন উপহার দিয়ে সম্মান জানান। শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে তাঁকে বিদায় জানায়। পরে স্কাউট দলের সদস্যরা তাঁকে প্রাইভেট কার পর্যন্ত এগিয়ে দেন। বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সজ্জিত গাড়িতে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

১৯৯১ সালে মাত্র ১ হাজার ৫১২ টাকা ৫০ পয়সা বেতনে শিক্ষকতা জীবন শুরু করেন আলাউল কবির। প্রথমে মিরসরাইয়ের মাজেদা হক উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ওই বিদ্যালয়ে যাতায়াত করতে বাসে চড়ার পাশাপাশি প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে যেতে হতো তাঁকে।

পরে তিনি জয়পুর পূর্ব জোয়ার আঙ্কুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় এবং বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সর্বশেষ ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে টানা ১৬ বছর সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এ বিদ্যালয়ে তিনি হিসাববিজ্ঞান ও গণিত বিষয়ে পাঠদান করতেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও মানপত্র পাঠ করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আনোয়ার। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফিরোজ কবির।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক নির্মল চন্দ্র নাথ, অভিভাবক সদস্য মহি উদ্দিন ও শিক্ষক প্রতিনিধি জোৎস্না আরা বেগম। তাঁরা আলাউল কবিরের দীর্ঘ কর্মজীবন, আন্তরিকতা এবং বিদ্যালয়ের প্রতি অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর অবসরজীবন কামনা করেন।

বিদায়ী শিক্ষক আলাউল কবির বলেন, শিক্ষকতা জীবনের দীর্ঘ পথচলায় অনেক স্মৃতি জমা হয়েছে। শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা এবং বিদ্যালয় পরিবারের আন্তরিকতা তাঁকে সব সময় অনুপ্রাণিত করেছে। বিদায়ের দিনে সবাই যেভাবে সম্মান ও ভালোবাসায় সিক্ত করেছেন, তা তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আনোয়ার বলেন, আলাউল কবির দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সহকর্মী হিসেবে তাঁর সঙ্গে কাটানো সময় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদায় আবেগের হলেও অবদান ও স্মৃতি বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে থাকবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফিরোজ কবির বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শিক্ষার্থীদের জীবন গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আলাউল কবির দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। বিদ্যালয় পরিবার তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। পাশাপাশি তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন তিনি।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

ডিমলায় অবৈধ্যভাবে উত্তোলনকৃত ২৫ হাজার ঘনফুট পাথর ও ৫ ক্রাশার মেশিন সহ একটি ট্রাক আটক

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর