মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহারে তিন লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সংসদ সদস্য নুরুল আমিন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু, ধর্মীয় প্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। ভিক্ষু মহাসভার সহ-সভাপতি প্রিয়নন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন। এতে উপজেলার পাঁচটি বৌদ্ধ গ্রামের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এসময় তারা নিজেদের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, বর্তমান অস্থির বিশ্বে বুদ্ধের মহান বাণী শান্তি ফিরিয়ে আনতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারা দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী অস্থির সময়ে মিরসরাইয়ের বিভিন্ন বৌদ্ধ গ্রামে বিহার ও বৌদ্ধ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর নির্দেশনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাধারণ কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেছেন।
অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক বিজয় বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পুষ্পেন্দু বড়ুয়া, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট চিকিৎসক বিপ্লব কুমার বড়ুয়া, দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের এবং শাসনবংশ মহাথের। এ ছাড়া উপজেলার পাঁচটি বৌদ্ধ গ্রামের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
গত জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাইয়ের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধানের শীষ প্রতীকে তাদের সমর্থন জানিয়েছে উল্লেখ করে তাঁকে বিজয়ী করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি নুরুল আমিন।
আরও পড়ুনঃ জলঢাকায় নদীর তলদেশ কেটে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে বাঁধ ও সেচ খাল