যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে ডাব চুরির অপবাদে কিশোর স্বাধীনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বাধীনের মা সুমাইয়া আক্তার। সোমবার (২৬ অক্টোবর) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সুমাইয়া আক্তার। একই সঙ্গে মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এ সময় তিনি ছেলের ওপর নির্যাতন ও তার মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার বলেন, গত ১৮ অক্টোবর তাঁর ছেলে স্বাধীন ফুপার সঙ্গে পূজামণ্ডপ দেখতে বাড়ি থেকে বের হয়। এ সময় ডাব চুরির অপবাদ দিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। তিনি জানান, ছেলেকে মারধরের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু সেখানে উপস্থিত কয়েকজন নারী ও পুরুষ স্বাধীনকে পরিবারের কাছে দিতে বাধা দেন। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মায়ের অভিযোগ, স্বাধীনকে মারধরের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকলেও এখনো সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করা হলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা উদ্বেগের মধ্যে রয়েছেন। সুমাইয়া আক্তার বলেন, “আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। যারা আমার ছেলেকে নির্মম মারধর করেছে, তাদের সবাইকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। মামলায় যাদের নাম রয়েছে, তাদের পাশাপাশি অজ্ঞাতনামা যারা এ ঘটনায় জড়িত, তাদেরও শনাক্ত করতে হবে। আমি চাই, সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধীদের বিচার হোক।” তিনি আরও বলেন, “আমি কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করতে চাই না। যারা প্রকৃত অপরাধী, তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হোক। আমার ছেলের ওপর যারা এমন নির্মম অত্যাচার করেছে, তাদের বিচার চাই।”
সংবাদ সম্মেলনে সুমাইয়া আক্তার আরও অভিযোগ করেন, ছেলের মৃত্যুর পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আসামিপক্ষের হুমকি ও প্রভাবের আশঙ্কায় তাঁরা উদ্বিগ্ন। এ অবস্থায় পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চান তারা। সন্তান হারানোর শোক নিয়ে প্রতিটি দিন কাটছে উল্লেখ করে তিনি বলেন ছেলে হত্যার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত তাদের পরিবারের কষ্ট শেষ হবে না। তাই মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আরও পড়ুনঃ ফতুল্লায় ৪ কেজি গাঁজা সহ নারী গ্রেপ্তার
মিরসরাইয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে থানায় বসতবাড়ির রাস্তা বন্ধের অভিযোগ দায়ের