বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবহেলিত একটি সড়ক সংস্কারে এবার নিজেরাই উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খানাখন্দে ভরা সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে। সংবাদমাধ্যমে একাধিকবার খবর প্রকাশের পরও সংস্কারে সরকারি কোন উদ্যোগ লক্ষনীয় না হওয়ায় অবশেষে নিজেদের অর্থ ও শ্রমে সড়কটি মেরামতের কাজ শুরু করেছেন তাঁরা। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে ইউনিয়নের যাদুর বাঁধ এলাকায় সড়কটির সংস্কার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। তবে উদ্যোগটি সফল করতে স্থানীয় বাসিন্দা মো. রাশেদুজ্জামান মিন্টু আর্থিক সহযোগিতা করছেন বলে জনা গেছে।
সংস্কারের অভাবে সড়কটি দীর্ঘদিন ধরে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রতিদিন এ পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। সড়কটির দুরবস্থা নিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনিক উদ্যোগ না থাকায় আশাহত হয়ে অবশেষে সামাজিক দায়বদ্ধতা থেকে একজোট হয়ে তাঁরা সড়কটি চলাচলের উপযোগী করার সিদ্ধান্ত গ্রহন করেন।
সংস্কার কাজে যুক্ত স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি প্রবীণ জননেতা ও প্রয়াত বজলার রহমান বজু মেম্বারের কবরস্থান সংলগ্ন পাকা রাস্তা থেকে শুরু হয়ে আব্দুল মালেকের বাড়ি, মকবুলার রহমানের বাড়ি ও যাদুর বাঁধ হয়ে দাসপাড়া পর্যন্ত বিস্তৃত। প্রাথমিক পর্যায়ে সড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশগুলোর সংস্কার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরো সড়কটি সংস্কারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় জনসাধারন।
স্থানীয় বাসিন্দারা বলেন, “রাস্তাটি সংস্কার হলে পুরো এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে। সরকারি উদ্যোগের জন্য হাত গুটিয়ে বসে না থেকে নিজেরা এগিয়ে আসার এ ঘটনা সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যের এক অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত।” এলাকাবাসীর প্রত্যাশা, তাঁদের সম্মিলিত উদ্যোগে সড়কটির চলাচল যোগ্যতা ফিরবে এবং দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পাশাপাশি সড়কটির স্থায়ী উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা করছেন তাঁরা।
আরও পড়ুনঃ সাইকেল-স্কুটিতে স্কুলে আসতেন, বিদায়ে ফুলেল ভালোবাসায় সিক্ত শিক্ষক আলাউল কবির
মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন